

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার নাঙ্গলকোটে সাত মাস বয়সী এক শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) ভোররাতে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নাজমুল হাসান ফারাবী। সে জোড্ডা পূর্ব ইউনিয়নের ভবানীপুর গ্রামের বালি বাড়ির নাছির আহমেদের ছেলে। নাছির আহমেদ ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফাতেমা বেগম তার সাত মাসের ছেলে ফারাবীকে নিয়ে গত শুক্রবার নিশ্চিন্তপুর গ্রামে তার বোনের জামাই লোকমান হোসেনের বাড়িতে বেড়াতে যান। সোমবার ভোররাতে সেখানে শিশুটির মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, শিশুটিকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে।
নিহত শিশুর দাদা বাচ্চু মিয়া বলেন, চার দিন আগে ফাতেমা তার বোনের জামাইয়ের বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে নাতি মারা যাওয়ার খবর পেয়ে সেখানে যাই। পরে শুনি, ফাতেমা বালিশচাপা দিয়ে তাকে মেরে ফেলেছে। তবে কেন সে এমন করেছে, তা আমরা জানি না।
পুলিশ জানায়, ঘটনার পর সোমবার সন্ধ্যায় শিশুটির মা ফাতেমা বেগমকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফাতেমা জানিয়েছেন, সন্তানটি বেশি কান্নাকাটি করায় রাগের মাথায় তিনি তাকে বালিশচাপা দেন। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


