

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে দেওয়া হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এর আগে গত ২ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল সাব্বির হোসেন, মো. মিজানুর রহমান, রেজাউল করিম ও মীর মনিরুজ্জামান। হাফিজুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী মোসলেম উদ্দিন ভূঁইয়া।
হাইকোর্টের জামিন আদেশের পর হাফিজুর রহমান কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে বহুল আলোচিত তনু হত্যা মামলা।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২১ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে ৫২ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউসসংলগ্ন একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলমান। হাফিজুর রহমান গ্রেপ্তার হওয়ার পর মামলাটি আবারও আলোচনায় আসে।