

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লার মুরাদনগরে অটোরিকশাচালক মাহবুব আলম (মাসুম) হত্যা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর ছিনতাই করা অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
রোববার (২১ জুন) জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
গ্রেপ্তার দুজন হলেন দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলাম (২৩) ও আরমান সরকার (২০)।
পুলিশ জানায়, গত শনিবার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। মাহবুব উপজেলার গকুলনগর গ্রামের বাসিন্দা ও নুরুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাহবুব তাঁর অটোরিকশা নিয়ে দুই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুপার বলেন, ঘটনার তদন্তে প্রথমে নাঈম ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরমান সরকারকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে পুলিশ সুপার জানান, অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে চালক মাহবুবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।