মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে মারধর ও আটকে রাখার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ঘিরে এক তরুণীকে মারধর, আটকে রাখা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রোববার চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী তরুণীর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি অভিযোগে উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আল আমিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আল আমিন বিয়ের আশ্বাস দিয়ে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন সম্পর্ক চলার পর সম্প্রতি বিয়ের বিষয়ে চাপ দিলে আল আমিন বিষয়টি এড়িয়ে যেতে শুরু করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছিল। এর মধ্যে গত ৬ জুন সন্ধ্যায় আল আমিনের বাড়িতে গেলে তাঁকে একটি ঘরে আটকে রেখে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়। এ সময় তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকা নিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণী বলেন, দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে সম্পর্ক রাখা হয়েছে। বিয়ের বিষয়ে কথা বলতে গেলে আমাকে মারধর করা হয়। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার সময় আল আমিনের পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাঁকে উদ্ধার করেন।

তরুণীর দাবি, আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আল আমিন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটির সঙ্গে আমার পরিচয় হয়েছিল। পরে কথাবার্তা ও দেখা-সাক্ষাৎ হয়েছে। আমি তাকে বিয়ের কোনো প্রতিশ্রুতি দিইনি। তার সঙ্গে আমার কোনো শারীরিক সম্পর্কও হয়নি। সে বিয়ের দাবিতে আমার বাড়িতে এসেছিল, তবে তার ওপর কোনো ধরনের নির্যাতন করা হয়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, এ ঘটনায় ওই তরুণী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup