রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক যুবক ও এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এসব ঘটনা ঘটে। রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামে বজ্রপাতে হাসান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন হাসান আলী। পরে তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, বজ্রপাতে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে অফিস থেকে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

একই দিনে জেলার দুই উপজেলায় বজ্রপাতে দুইজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন