

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুরাদনগর উপজেলার শ্রীকাইল এলাকায় অবস্থিত সম্ভাবনাময় শ্রীকাইল গ্যাসক্ষেত্র–এ নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। গ্যাসক্ষেত্রটির ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার সকালে গ্যাসক্ষেত্রের শ্রীকাইল মখলিসপুর এলাকায় এই কূপের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর ফলে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের পাঁচটি কূপ থেকে বর্তমানে মোট প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ২৮ সেপ্টেম্বর কূপটির খননকাজ শুরু হয় এবং চলতি বছরের জানুয়ারিতে তা শেষ হয়। প্রাথমিক হিসাবে নতুন এই কূপে প্রায় ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমদানি নির্ভরতা দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তাই আমরা নিজস্ব গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়িয়ে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে নতুন নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে চার হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে। সেই চাহিদা পূরণে নিজস্ব উৎস থেকেই গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন