মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু, আহত ভাই

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম
চৌদ্দগ্রামে দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু
expand
চৌদ্দগ্রামে দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধীন ঘরের দেয়াল ধসে জান্নাতুল নাইমা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই ইফাদ হোসেন আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) রাত প্রায় ৯টার দিকে পৌর এলাকার গোমারবাড়ি গ্রামের পূর্বপাড়া মিয়াজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল নাইমা স্থানীয় ফল ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ে। তিনি চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন। তাঁর ভাই ইফাদ হোসেন চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রবিবার রাতে নির্মাণাধীন একটি ঘরের দেয়ালের ভেতরে ইঁদুরের গর্ত দেখতে পেয়ে জান্নাতুল নাইমা ও তাঁর ভাই লাঠি দিয়ে সেখানে আঘাত করেন। এতে হঠাৎ মাটির দেয়ালটি ভেঙে পড়ে এবং দুই ভাইবোন দেয়ালের নিচে চাপা পড়ে আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জান্নাতুল নাইমার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, দেয়াল চাপায় গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে কুমিল্লায় পাঠানো হয়েছিল। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এদিকে আহত ইফাদ হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। সোমবার সকালে জান্নাতুল নাইমার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন