রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লাতে আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
কুমিল্লায় ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার
expand
কুমিল্লায় ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে তিতাস ও দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটার দিকে জেলার তিতাস উপজেলার উজিরাকান্দি গ্রামে এমদাদুল হকের মেয়ে মোছা. নাছরিন আক্তার (৩৫)-এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে হাত-পা বেঁধে মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে।

একই রাতে তিতাস উপজেলার কাকিয়াখালী গ্রামে মৃত মোমতাজ মিয়ার মেয়ে মঞ্জুরা বেগমের বাড়িতেও ডাকাতি হয়। দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়। জেলা পুলিশ সুপার আসিফুজ্জামান পিপিএমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল)-এর নেতৃত্বে ডিবি ও থানা-পুলিশ যৌথ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জীবন মিয়া (৪৫), মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. নাসির (৩৬), আবু তাহের (২২), মো. জামাল হক কুদ্দুস (৪০), মো. ওবাইদুল (৩৫), মো. হানিফ (২৯), মো. সৌরভ হোসেন (২২), মো. জহির (৪৮), মো. মকবুল হোসেন (৩৭) ও মো. কামাল (৩২)।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি স্বর্ণের চেইন, তিনটি স্বর্ণের কানের দুল, এক জোড়া রুপার নূপুর, রুপার ব্রেসলেট ও চেইন, একটি ডিজিটাল ক্যামেরা, দুটি সিএনজি, ১৩টি মোবাইল ফোন, দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও শাবলসহ নগদ ৩৭ হাজার ২৪৭ টাকা।

ওসি শামসুল আলম শাহ বলেন, “দুটি বাড়িতে পৃথক ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে নগদ অর্থ ও লুট হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।” গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X