মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে ৭ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম
দর্শনা সীমান্তে  বিজিবির অভিযানে  ১৩ কোটি টাকার প্রায় ৭ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক
expand
দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার প্রায় ৭ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচারবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালিত একটি গোয়েন্দাভিত্তিক অভিযানে আনুমানিক ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান-এর কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ছিল যে, দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি চৌকস টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান নেয়।

পরে শনিবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তি মো. রবিউল ইসলাম (৩৪)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধার হওয়া স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি জানায়, আটক আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তরের পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকরা স্বর্ন চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন