

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের লোহাগাড়ায় শতবর্ষী এক কবরস্থানের জায়গা দখল করে প্লট বাণিজ্যের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ হারুন নামে স্থানীয় এক বাসিন্দা।
অভিযুক্ত মোঃ ইদ্রিস উপজেলার আধুনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়ার বাসিন্দা মতিয়ুর রহমানের ছেলে এবং কার্য্যক্রম নিষিদ্ধ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪ নম্বর ওয়ার্ডের সরকারি খাস খতিয়ানভুক্ত প্রায় এক একর আয়তনের ‘কচুইচ্ছা পাহাড়টি’ শতবর্ষ ধরে স্থানীয় ২০-২৫টি পরিবার স্বজনদের দাফনের কাজে ব্যবহার করে আসছে। সম্প্রতি পাহাড়টির পশ্চিম অংশে কাঁটাতারের বেড়া দিয়ে কিছু অংশ দখলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। পাহাড়ের উত্তর পাশে রোপণ করা হয়েছে ফলদ গাছ এবং পূর্ব পাশে রাতের আঁধারে মাটি কেটে তৈরি করা হচ্ছে প্লট। অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিরা ইদ্রিসকে একাধিকবার বাধা দিলেও তিনি তা তোয়াক্কা না করে অবাধে গাছ ও মাটি কেটে বিক্রি করছেন। পাহাড় কাটার ফলে আশেপাশের বসতবাড়িগুলো এখন মারাত্মক পাহাড়ধসের ঝুঁকিতে পড়েছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ ইদ্রিসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আখন্দ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

