

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মো. জসিম (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত জসিম ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের মাইজপাড়া এলাকার নূরুল মেম্বারের বাড়ির বাসিন্দা। ভুক্তভোগী তরুণী চবির সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা থেকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে করে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। বাসটি হাটহাজারী এলাকায় পৌঁছালে অভিযুক্ত জসিম তাঁর সঙ্গে প্রথম দফায় অশোভন আচরণ শুরু করেন। এতে বাসের অন্যান্য যাত্রীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে বাস থেকে নামিয়ে দেন।
পরবর্তীতে বাসটি ফটিকছড়ি বিবিরহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে আগের ঘটনার জেরে অভিযুক্ত জসিম পুনরায় বাসে উঠে ওই ছাত্রীর ওপর চড়াও হন। এ সময় তিনি শিক্ষার্থীর চুল ও জামা ধরে টানাহেঁচড়া করেন এবং যৌন উদ্দেশ্যে শ্লীলতাহানির চেষ্টা চালিয়ে প্রাণনাশের হুমকি দেন।
ছাত্রীর চিৎকারে বাসের যাত্রী, চালক ও সহকারী এগিয়ে এসে অভিযুক্ত জসিমকে হাতেনাতে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হক মামুন বলেন, গণপরিবহনে নারী শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের শ্লীলতাহানির ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।