শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার গুঞ্জন, যা বলছে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

হবিগঞ্জ শহরে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং ৪টি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে দাবি করেছে জেলা ছাত্রদল।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ভাইরাল হয়েছে এবং পুলিশের বক্তব্য ছাড়াই কয়েকটি সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তবে হবিগঞ্জ সদর মডেল থানা জানিয়েছে, এ ধরনের কোনো অভিযোগ বা মামলা এখনো তাদের কাছে পৌঁছেনি।

জেলা ছাত্রদলের দাবি, বৃহস্পতিবার রাতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন বাদী হয়ে অভিযোগটি দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।

অভিযোগে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন- এনসিপি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, জাতীয় শক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফখরুদ্দিন জাকি, মো. আব্দুল হাই কামাল ও রুহাম গাজী।

অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন।

এ সময় নাসিরুদ্দিন পাটওয়ারী, সারজিস আলমসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া হামলার সময় বাদীসহ ছাত্রদল নেতাদের কাছ থেকে ৪টি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর এনসিপির নেতারা হামলা করেছেন। কয়েকটি আইফোন ও অর্থকড়ি ছিনিয়ে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হকের মোবাইলে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন এসআই সোহেল। তিনি বলেন, থানায় এই ধরনের কোনো অভিযোগ বা মামলা এখনো আমরা পাইনি।

উল্লেখ্য, এর আগে একই ঘটনার জেরে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

এ অবস্থায় একই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা সংক্রান্ত তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তবে ছাত্রদলের দাবিকৃত অভিযোগটি থানায় আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন কল রিসিভ করেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন