

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নূরনগর হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল মুদ্রা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার করা এসব নোটের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।
র্যাব জানায়, উদ্ধার হওয়া জাল মুদ্রার মধ্যে বাংলাদেশি টাকা ছাড়াও রয়েছে মার্কিন ডলার, ইউরো, সৌদি রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর জালিফ মাহমুদ খান জানান, সম্প্রতি সিলেটে জাল মুদ্রা উদ্ধারের একটি ঘটনার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। সেখানকার তথ্যের ভিত্তিতে বাকলিয়া এলাকায় তল্লাশি চালিয়ে প্রথমে তানজীব (২০) নামে এক যুবককে আটক করা হয়।
তিনি আরও বলেন, তানজীব দীর্ঘদিন ধরে জাল মুদ্রা তৈরির সঙ্গে যুক্ত ছিল এবং সিলেটে আটক চক্রের সদস্যদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। তার বাসা থেকে বিভিন্ন দেশের জাল নোট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানজীব জানিয়েছে, নগরীর আন্দরকিল্লা এলাকায় ‘অন্তু প্রিন্টার্স’ নামের একটি স্থানে জাল নোট মুদ্রণ করা হতো। পরে র্যাব সেখানে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে।
র্যাব কর্মকর্তা জানান, জাল মুদ্রা চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন
