শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হাম উপসর্গে যমজ ২ শিশুর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১২:৩৭ পিএম
নিহত দুই শিশু
expand
নিহত দুই শিশু

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১৫ দিনের ব্যবধানে যমজ দুই শিশু—মো. ফাহিম ও মো. নোমানের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর বয়স ছিল মাত্র ১৩ মাস। তারা উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া তাকিয়াপাড়া এলাকার বাসিন্দা হারুন উর রশিদের সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, সরকারিভাবে এলাকায় হামের টিকাদান কর্মসূচি চলাকালে তাদের শিশুদের টিকা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলেও দায়িত্বরত কর্মীরা টিকা শেষ হয়ে গেছে বলে জানান। ফলে দুই শিশুকেই টিকা দেওয়া সম্ভব হয়নি।

এর কিছুদিন পর বড় ছেলে ফাহিম অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৮ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ছোট ছেলে নোমানকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে সিট না পেয়ে শেষ পর্যন্ত শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে সেখানেও ৮ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।

মাত্র ১৫ দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাদের বাবা-মা। বাবা হারুন উর রশিদ জানান, ‘টিকা না পাওয়ায় আমরা সন্তানদের বাঁচাতে পারলাম না। অল্প সময়ের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে আমরা ভেঙে পড়েছি।

স্থানীয়দের দাবি, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত হামের টিকা নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে।

এ বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাছির উদ্দিন বলেন, হামের উপসর্গে দুই শিশুর মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না হলে রোগীর তথ্য সংরক্ষিত থাকে না বলেও তিনি জানান। টিকার বিষয়ে তিনি অবগত নন বলেও উল্লেখ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন