

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে পর্যটকদের ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই কঠোর অবস্থানে গেছে উপজেলা প্রশাসন। সংঘর্ষের জেরে সৈকত এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে পরিচালিত হয়েছে অভিযান।
রোববার (১০ মে) বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৪০টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে সকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদের স্বেচ্ছায় দোকান সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্দেশনা অমান্য করায় বিকেলে উচ্ছেদ অভিযান চালানো হয়।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালী সৈকতে দোলনায় বসাকে কেন্দ্র করে ঢাকা থেকে আগত পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১২ জন পর্যটক আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আলমগীরসহ পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম বলেন,গুলিয়াখালী সৈকত সরকারি সম্পত্তি। এখানে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, পর্যটকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় কালাম ও সুমন নামের দুইজনকে আটক করেছে পুলিশ বলে জানিয়েছেন ওসি মহিনুল ইসলাম।