সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ ১৮ মামলার শীর্ষ সন্ত্রাসী ওসমান গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী মডেল থানার যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ একাধিক মামলার আসামি ওসমান গনি ওরফে মনা (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ৫৫ মিনিটে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামি ওসমান গনিকে গ্রেফতার করা হয় এবং তার দখল ও হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড ৭.৬৫ পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র হিসেবে চাপাতি ও সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা, বিভিন্ন মডেলের একাধিক মোবাইল ফোনসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওসমান অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব প্রদান, অস্ত্র সংগ্রহ এবং বিভিন্ন এলাকায় তা বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও উঠে আসে।

পুলিশ আরও জানায়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুই আসামি—হৃদয় (৩০) ও রাজু (৩২)-এর সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত ওসমান গনির বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন