

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়েও উভয় পক্ষের মধ্যে ইতিবাচক মতবিনিময় হয়েছে। বৈঠক শেষে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদকে দোয়া করেন এবং নিজের লেখা একটি বই উপহার দেন।
সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "মূলত ব্যক্তিগতভাবে হুজুরের দোয়া নেওয়ার উদ্দেশ্যেই আমি এখানে এসেছি। এর আগে আসার সুযোগ হয়নি। এখানে এসে শিক্ষার্থীদের মনোরম পরিবেশে পাঠদান দেখে আমি মুগ্ধ। আমরা এরপর হাটহাজারী মাদ্রাসাতেও যাওয়ার পরিকল্পনা করছি।"
নির্বাচনী প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, দল থেকে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন এই নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় মুরব্বিদের দোয়া নিতেই তার এই সফর।
দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, "জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে আমরা নিরলস কাজ করছি। প্রতিদিন নতুন নতুন মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন।"
এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী ও মিডিয়া সেলের প্রধান রিদুয়ান হৃদয় জানান, চট্টগ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মুখপাত্র আসিফ মাহমুদ হেফাজত আমিরের সাথে দেখা করেন। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনীতিতে জনসম্পৃক্ততা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে প্রতিনিধি দলটি মাদ্রাসার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শিক্ষকদের সাথে কুশলাদি বিনিময় করেন।
মন্তব্য করুন