রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিন: সাইফুদ্দীন আহমদ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
বক্তব্য দিচ্ছেন শাহজাদা ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী
expand
বক্তব্য দিচ্ছেন শাহজাদা ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বৃহত্তর সুন্নীজোট মনোনীত প্রার্থী শাহজাদা ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেছেন, “মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ ও লুটেরামুক্ত ফটিকছড়ি চায়। এবার মার্কা নয়, বরং প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিন। যোগ্য ব্যক্তি নির্বাচিত হলেই এলাকায় শান্তি, স্বস্তি ও প্রকৃত উন্নয়ন সম্ভব।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদর বাসস্টেশন চত্বরে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা সভাপতি এস. এম. শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ‘একতারা’ প্রতীকের সমর্থনে শতশত মানুষের ঢল নামে।

বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ভয়ভীতি বা আতঙ্ক সৃষ্টি না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

তিনি বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কিন্তু ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অসৌজন্যমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা কারও জন্যই সুফল বয়ে আনবে না।”

জনসভায় নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে ডক্টর সাইফুদ্দীন আহমদ ফটিকছড়িকে একটি আধুনিক ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তাঁর উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—ফটিকছড়ির উত্তর ও দক্ষিণ অংশে দুটি নতুন থানা এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, উন্নত চিকিৎসাসেবার লক্ষ্যে উপজেলায় দুটি আধুনিক মাতৃসদন হাসপাতাল নির্মাণ, চা-শিল্পের আধুনিকায়নে গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ, বিশেষ শিল্প জোন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা, বেকার সমস্যার স্থায়ী সমাধান এবং ফটিকছড়িকে সন্ত্রাস, চাঁদাবাজ ও টেন্ডারবাজমুক্ত করা।

মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা জয়নাল আবেদীন জুবায়ের, জাহাঙ্গীর আলম, সৈয়দ মমতাজ উদ্দিন হোসাইনিসহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে এক বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি বিবিরহাট বাজারের কলেজ রোড, দরগাহ রোড ও ডাকবাংলো রোড প্রদক্ষিণ করে পুনরায় বাসস্টেশন চত্বরে এসে শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X