শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম
এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি
expand
এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তির অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী–সমর্থকরা। এ সময় তার কুশপুত্তলিকাও দাহ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কালিয়াপাড়া বাজার থেকে মিছিল বের হয়ে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, আগামী দিনে শাহরাস্তির মাটিতে তাকে প্রতিরোধ করা হবে।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তারা এ ধরনের মন্তব্যকে ‘অবমাননাকর ও নিন্দনীয়’ বলে অভিহিত করেন।

বক্তাদের দাবি, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে নাসীর দায়িত্বজ্ঞানহীনভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন। জাতীয় নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করে তিনি নিজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছেন এবং বিএনপির হাজারো কর্মীর হৃদয় আহত করেছেন।

তারা সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে হবে, অন্যথায় কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরনসহ আরও অনেকে।

উল্লেখ্য, নাসীরুদ্দীন পাটোয়ারীর বাড়ি শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর গ্রামে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X