শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
expand
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জীবন মিয়া (২৫)। তিনি আখাউড়া উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর সড়ক বাজারে ভিআইপি মিষ্টির দোকানের সামনে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও এক অটোরিকশা চালকের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে অটোরিকশা চালক ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দোকান কর্মচারী জীবন মিয়াকে আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উপস্থিত লোকজন ঘাতক অটোরিকশা চালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। আটক অটোরিকশা চালকের নাম সাফায়েত, তিনি পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল জিলানী বলেন, “সন্ধ্যায় ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, “অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে দোকান কর্মচারীর মৃত্যু হয়। ঘাতককে আটক করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন