সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির হস্তক্ষেপে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট জটিলতার নিরসন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে অনুষ্ঠিতব্য কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির মুখে সৃষ্ট জটিলতা স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় অবসান হয়েছে । শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে উভয় পক্ষকে নিয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত মোতাবেক কলেজের মূল ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান হবে এবং কনসার্টের পরিবর্তে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে সোমবার মূল ক্যাম্পাসে নবীনবরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং কনসার্টের অনুষ্ঠানের হওয়ার কথা । কনসার্টের ব্যাপারে কওমি ছাত্র ঐক্য পরিষদ আপত্তি জানিয়ে গত শুক্রবার স্থানীয় এমপি খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের কাছে স্মারক লিপি প্রদান করে।

উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষকে নিয়ে শনিবার রাতে এমপি খালেদ হোসেন মাহবুব শ্যামল তার বাসভবনে বসেন। সভায় আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে আসেন যে, মূল ক্যাম্পাসে নবীনবরণের মূল অনুষ্ঠান হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে।

এমপির সঙ্গে বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে সাত থেকে আটজন সদস্য অংশ নেয় । কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দও অংশ নেয়।

এ বিষয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেক বলেন, আমরা এমপি মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। সরকারি কলেজ মাঠে কোন কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। অশ্লীলতা হবে না-এই শর্তে কলেজের ভেতরের মাঠে (দক্ষিণ ক্যাম্পাস) অনুষ্ঠান করার বিষয়ে আমরা একমত হয়েছি ।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন ভূঁইয়া বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। নবীনবরণ ও আলোচনা সভা মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমরা দক্ষিণ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করবো। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এমনিতেই অশ্লীলতা বিশৃঙ্খলা পছন্দ করে না। তাছাড়া মূল ক্যাম্পাস সংলগ্ন মাঠে প্রাইম মিনিস্টার গোল্ডকাপের খেলা যাতে ব্যাহত না হয় সেজন্যই আমাদের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান করবো। অনুষ্ঠান সফলে আমরা সবার সহযোগিতা চাই।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ওবায়দুল হকের কাছে জানতে চাইলে নবীনবরণ অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও কলেজের উপাধ্যক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

উপাধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসাইন জানান, দক্ষিণ ক্যাম্পাসে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মূল ক্যাম্পাসের পাশেই একই সময়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ খেলা চলছে, তাই সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে আমরা সরিয়ে নিয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘কলেজের লোকজন ও মাদরাসার ছাত্রদের নিয়ে আমরা বসেছিলাম। একটা সমঝোতা হয়েছে।

এদিকে, বৈঠকের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক পেজে ‘ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে কোনো ধরনের কনসার্ট হবে না, শুধু নবীনবরণ অনুষ্ঠান হবে’ শিরোনামে একটি পোস্ট দেয়া হয়।

ওই পোস্টে বলা হয়, নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট স্থগিতের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়া হয়েছিল। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে কলেজের সাধারণ শিক্ষার্থী ও কর্তৃপক্ষ তাদের কনসার্ট স্থগিতের দাবি মেনে নিয়েছে। একই সঙ্গে নবীনবরণ, বৃক্ষরোপণসহ অন্যান্য সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বহাল রাখার বিষয়ে তারা মতামত দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, মূল ক্যাম্পাসে নবীনবণ অনুষ্ঠানের জন্য বিরাটাকৃতির প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে চেয়ার আনা হচ্ছে । দক্ষিণ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসের দক্ষিণপাশে মঞ্চ নির্মাণের কাজ চলছে। যেহেতু ওখানে নান্দনিক বাগান থাকায় প্যান্ডেল নির্মাণ হবে না । তাই দর্শক শ্রোতাদের খোলা আকাশের নিচেই অবস্থান করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank