

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর এ সফরটি হওয়ার কথা ছিল। তবে এ সফর আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম।
তিনি বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন করে ১ অক্টোবর ফেনী সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এদিকে সফর স্থগিত হলেও পরশুরাম ও ফুলগাজী উপজেলায় স্থানীয় প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে শুরু হওয়া ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করবেন।
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, মুহুরী ও কহুয়া নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকাকে বন্যা ও নদীভাঙন থেকে রক্ষা করতে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর পিছিয়ে গেলেও স্থানীয় জনসাধারণের মধ্যে এ নিয়ে কোনো উৎসাহের কমতি নেই।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করা হচ্ছে। একই সফরে পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং খালেদা জিয়ার মহিলা কলেজ সরকারীকরণের কর্মসূচির প্রস্তুতিও অব্যাহত রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

