

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দোকান থেকে কেনা রসমালাই খেয়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, নাসিম নামে এক যুবক সিঙ্গারবিল বাজারের ‘রংধনু বেকারি অ্যান্ড সুইট হাট’ থেকে রসমালাই কিনে বাসায় আনেন। খাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সদস্যরা বমি ও পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।
অসুস্থরা হলেন—মিন্টু মিয়ার স্ত্রী শারমিন (২৭) ও তাদের দুই সন্তান আয়াত (৪) ও সাদী (১১), নাঈমের স্ত্রী জ্যোতি (৩৩) এবং তাদের মেয়ে ইয়ানা (৫)।
ভুক্তভোগী পরিবারের সদস্য নাহিদ আল মাহমুদ বলেন, “আমার ছোট ভাই নাসিম রংধনু বেকারি থেকে রসমালাই কিনে এনেছিল। খাওয়ার পরপরই সবাই অসুস্থ হয়ে পড়ে। সম্ভবত মিষ্টিগুলো নষ্ট ছিল।”
এ বিষয়ে জানতে চাইলে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটের মালিক জামাল মাহমুদ বলেন, “ঘটনাটি আমি জানি না। প্রতিদিন আমাদের দোকান থেকে ৩০ থেকে ৪০ কেজি রসমালাই বিক্রি হয়। তবে আমি খোঁজ নিয়ে অসুস্থদের বাড়িতে যাব।”
বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভুঁইয়া বলেন, “অসুস্থ অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন