শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
আশুগঞ্জের ‘হোটেল উজানভাটি’র সামনে থেকে উপদেষ্টার গাড়িবহর সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা হয়। কিছুদূর এগোতেই যানজটে আটকা পড়েন তারা।
expand
আশুগঞ্জের ‘হোটেল উজানভাটি’র সামনে থেকে উপদেষ্টার গাড়িবহর সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা হয়। কিছুদূর এগোতেই যানজটে আটকা পড়েন তারা।

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে এসে যানজটে আটকা পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।

বুধবার সকালে তিনি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথে এসে পৌঁছান। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে যাত্রা শুরুর পর আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় তিনি দীর্ঘ যানজটে আটকা পড়েন।

এর আগে বুধবার সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এই মহাসড়কটি পরিদর্শন করার কথা ছিল সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খানের। হাইওয়ে পুলিশের দাবি, এক পাশে মালামাল রেখে সড়ক সংস্কার এবং খানাখন্দের কারণে এই যানজট দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে।

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে তীব্র যানজটে পড়ছেন যাত্রীরা। ধীরগতির কারণে মহাসড়কের এই অংশ পার হতে যানবাহনের সময় লাগে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত।

এই অবস্থায় প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান।

এ উপলক্ষে গত রোববার থেকে সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু করা হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ফলে গত তিন দিন ধরেই মহাসড়কে তীব্র যানজট চলছে। বুধবার সকাল থেকে এ যানজট আরও তীব্র আকার ধারণ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, ‘উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় তিনি যানজটে আটকা পড়েছেন।‘

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন