শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে এবং গাড়ি ভাংচুরের চেষ্টা করে
expand
স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে এবং গাড়ি ভাংচুরের চেষ্টা করে

শেরপুর সদরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৬০) ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ সদস্যরা চেকপোস্টে ডিউটি করছিলেন। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য সিগনাল দেন পুলিশ সদস্যরা। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তবে, তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়। এ ঘটনায় পর উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে এবং গাড়ি ভাংচুরের চেষ্টা করে। ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X