

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নাছিমা বেগম (৪০) নামের এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ সময় তার ৮ বছর বয়সী শিশু সন্তান আবিরকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাছিমা বেগম ওই বাড়ির দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ছেলেকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়েছিলেন নাছিমা বেগম।
গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা। এ সময় শিশু আবিরকেও কুপিয়ে জখম করে তারা।
আহত শিশু আবির জানায়, দুর্বৃত্তরা যখন তার মাকে হত্যা করছিল, তখন তাকেও আঘাত করা হয়। জীবন বাঁচাতে সে তখন নিথর হয়ে পড়ে থাকে এবং মৃত্যুর ভান করে।
দুর্বৃত্তরা তাকে মৃত ভেবে চলে গেলে, ভোরবেলা সে ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।
প্রতিবেশী নাজিম উদ্দীন বলেন, "ভোরে ছেলেটি গুরুতর আহত অবস্থায় আমাদের কাছে এসে ঘটনাটি জানায়। আমরা দ্রুত ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানাই এবং ঘটনাস্থলে গিয়ে নাছিমা বেগমের লাশ দেখতে পাই। এরপর দ্রুত শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং শিশুটিকে সুচিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন