

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল নগরে এক গৃহবধূকে অপহরণ করে এক লাখ টাকা ছিনতাই ও পরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, অপর এক আসামি পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. গাজী রাসেল (৩৫), মো. রাজিব জমাদ্দার (২৫), মো. জাহিদ হাওলাদার (২৬) ও মো. রোকন খান (২৩)। এদের মধ্যে রোকন খান পলাতক। চারজনের বাড়িই বরিশাল নগরের সাগরদী এলাকার ধান গবেষণা ইনস্টিটিউট সড়কে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মান্নান মৃধা।
আদালত সূত্র জানায়, ভুক্তভোগী গৃহবধূ (১৮) ২০১৬ সালের ১০ নভেম্বর বিকেলে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে এক লাখ টাকা নিয়ে ইজিবাইকে করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বামীর কাছে যাচ্ছিলেন। পথে ইজিবাইকচালক কৌশলে গৃহবধূকে অন্যত্র নিয়ে যান। একপর্যায়ে আরও তিনজন যোগ দিয়ে তাঁকে মারধর করে চোখ, মুখ ও পা বেঁধে নগরের ত্রিশ গোডাউন এলাকার খ্রিষ্টান পাড়ার জঙ্গলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেন।
পরদিন সকালে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় চারজনকে আসামি করে মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ নভেম্বর তৎকালীন তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. আতাউর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন।
রায়ের পর ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করেছে।
মন্তব্য করুন