

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল বিভাগের সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের ভবিষ্যৎ করণীয় নিয়ে জাতীয় পর্যায়ে সংলাপের আয়োজন করা হয়েছে। ‘আগামীর বরিশাল: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ), ঢাকা এ সেমিনারের আয়োজন করেছে।
সেমিনারে বরিশাল বিভাগের নির্বাচিত সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পেশাজীবী প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনরা অংশ নেবেন। বরিশাল বিভাগের উন্নয়ন কোন প্রক্রিয়ায় আরও কার্যকর, টেকসই ও জনবান্ধব করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের কাছ থেকে বাস্তবভিত্তিক প্রস্তাব ও সুপারিশ তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধান আলোচক হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বরিশাল বিভাগের উন্নয়নে শুধু সরকারি উদ্যোগ নয়, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত মতামত প্রয়োজন। এ কারণে সেমিনারে অংশগ্রহণকারীদের কাছ থেকে বরিশালের উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান, কৃষি ও মৎস্য, নৌপথ ও সড়ক যোগাযোগ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে কার্যকর প্রস্তাব তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
বরিশাল বিভাগের দীর্ঘদিনের সম্ভাবনা ও উন্নয়ন-চ্যালেঞ্জগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরে বাস্তবসম্মত করণীয় নির্ধারণের ক্ষেত্রে এ সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, অংশীজনদের সরাসরি মতামত ও সুপারিশের মধ্য দিয়ে বরিশালের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় বাস্তবতা ও মানুষের প্রত্যাশা আরও গুরুত্ব পাবে।
বরিশাল বিভাগের উন্নয়ন ভাবনায় সংশ্লিষ্ট সবাইকে সেমিনারে উপস্থিত থেকে নিজেদের মতামত ও গঠনমূলক প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়েছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)।

