বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে বসে রশি টানিয়ে ইয়াবা বিক্রি করতেন বিএনপি নেতা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম
বিএনপি নেতা মো. এনামুল
expand
বিএনপি নেতা মো. এনামুল

বরিশালের বাবুগঞ্জে ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. এনামুল (৪৫) ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মো. এনামুল দীর্ঘদিন ধরে নিজ বাড়ির দোতলায় বসে রশির মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন। প্রতিদিনই তার বাড়িতে বহিরাগত অনেক মানুষ ইয়াবা কিনতে আসতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বাড়ীর লোকজন একাধিকবার প্রতিবাদ করলেও তিনি মাদক ব্যবসা বন্ধ করেননি।

অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সদস্যরা ছদ্মবেশে ওই বাড়িতে ইয়াবা কিনতে যান।

এ সময় এনামুল দোতলায় বসে রশির মাধ্যমে তাদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা এনামুলের ঘরের দোতলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করি এবং তাকে গ্রেপ্তার করি। এসময় সাংবাদিকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন