

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল নগরের একটি আবাসিক হোটেলে ফাঁদে ফেলে এক যুবকের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের এক তরুণীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৭ মার্চ) রাতে নগরীর গির্জা মহল্লা এলাকার হোটেল ইম্পিরিয়াল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মিলিতা দত্ত ওরফে ম্যালাইসা ও সান্টু হাওলাদার। এ ঘটনায় ভুক্তভোগী সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১১ জনের নামে মামলা করেছেন। মামলায় হোটেলের মালিক ও ব্যবস্থাপকসহ আটজনের নামোল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার কড়াপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের সঙ্গে আব্দুর রহমান নামের এক ব্যক্তির পূর্বপরিচয় ছিল। শনিবার বিকেলে জরুরি কাজের কথা বলে সিরাজুলকে গির্জা মহল্লা এলাকায় ডাকেন রহমান। রাত ৯টার দিকে তিনি সেখানে গেলে তাকে হোটেল ইম্পেরিয়ালের চারতলার একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওতপেতেছিল চক্রের ৮-১০ জন সদস্য।
সিরাজুল ইসলাম অভিযোগ করেন, কক্ষে প্রবেশের পর মিলিতা নামের ওই তরুণী তাকে কথা বলে আটকে দেন। এর পরপরই চক্রের অন্য সদস্যরা তাকে জিম্মি করে ওই তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আরও ১৩ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে কৌশলে বিষয়টি পরিচিত এক ব্যক্তিকে জানান সিরাজুল। তার মাধ্যমে খবর পেয়ে রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে মিলিতা ও সান্টুকে গ্রেপ্তার করে।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের মালিক, ব্যবস্থাপকসহ চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সনজিৎ চন্দ্র নাথ বলেন, ভুক্তভোগী যুবকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। হোটেলের মালিকসহ পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন