বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আ.লীগ নেতাদের জামিন ঘিরে আদালত বর্জন

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
বরিশালে আ.লীগ নেতাদের জামিন ঘিরে আদালত বর্জন
expand
বরিশালে আ.লীগ নেতাদের জামিন ঘিরে আদালত বর্জন

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর একাধিক নেতার জামিন মঞ্জুরকে কেন্দ্র করে বরিশালে উত্তেজনা দেখা দিয়েছে। জামিনের প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে আদালত ভবনের ভেতরে আইনজীবীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ভবনের সামনে আইনজীবীদের একটি অংশ স্লোগান ও সমাবেশে অংশ নেন। এ সময় দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েন। তবে মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির কামরুল ইসলাম জানান, আইনজীবীদের কর্মসূচি সত্ত্বেও আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়নি।

আন্দোলনকারী আইনজীবীরা দাবি করেন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহকে অপসারণ না করা পর্যন্ত তারা আদালতে অংশ নেবেন না। একই সঙ্গে তাঁর দেওয়া জামিন আদেশ বাতিলেরও দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু বলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলাটি জামিন অযোগ্য হওয়া সত্ত্বেও আত্মসমর্পণের পর তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া মহানগর আদালত থেকে আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা জামিন পেয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এতে বিচারিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন বক্তারা।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব আবুল কালাম আজাদ ইমন বলেন, উচ্চ আদালত ও মহানগর দায়রা জজ আদালত যেসব মামলায় জামিন নামঞ্জুর করেছেন, সেসব মামলার আসামিদের নিম্ন আদালতে জামিন দেওয়া হচ্ছে—যা উদ্বেগজনক। তিনি দাবি করেন, বিচারকদের সঙ্গে আলোচনায় সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিমউদ্দিন আহমেদ পান্না, সাবেক সভাপতি মহসিন মন্টু, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আজাদ এবং মহানগর দায়রা জজ আদালতের এপিপি তারেক আল ইমরান সমাবেশে বক্তব্য দেন।

উল্লেখ্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস সোমবার আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরের অনামী লেনে হামলার অভিযোগে গত ১১ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর সভাপতি এ কে এম জাহাঙ্গীর এবং তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও তিন নেতা জামিনে মুক্তি পান। তাঁদের মধ্যে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খানও রয়েছেন।

এ ঘটনায় বরিশালের আইনাঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। আদালত বর্জন কর্মসূচি কতদিন স্থায়ী হবে এবং এর প্রভাব বিচারপ্রক্রিয়ায় কতটা পড়বে—তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X