বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএনও অফিসের ৫ এসির যন্ত্রাংশ চুরি 

তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম
তালতলীতে ইউএনও অফিসের এসির যন্ত্রাংশ চুরি
expand
তালতলীতে ইউএনও অফিসের এসির যন্ত্রাংশ চুরি

বরগুনার তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সে দুটি সরকারি দপ্তরের পাঁচটি এসির আউটডোর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরকারি স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরে স্থাপিত এসিগুলোর আউটডোর ইউনিট থেকে মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কয়েকদিন আগে চুরির ঘটনা ঘটলেও বুধবার (৩ জুন) বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসে। পরে ঘটনাটি জানাজানি হলে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্ত এসিগুলোর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের চারটি এবং উপজেলা কৃষি অফিসের একটি এসির যন্ত্রাংশ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরে নাইটগার্ড নিয়োজিত থাকলেও তারা নিয়মিত রাতের দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে রাতের পরিবর্তে অফিস চলাকালীন সময়েই দায়িত্ব পালন করা হয়। ফলে রাতের বেলায় সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।

এদিকে, উপজেলা পরিষদ কমপ্লেক্সে স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কার্যকারিতা ও নিয়মিত মনিটরিং নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি বরাদ্দে সিসি ক্যামেরা মেরামত ও নতুন ক্যামেরা স্থাপনের জন্য অর্থ বরাদ্দ থাকলেও নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমান উন্নয়ন হয়নি।

তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস বলেন, গতকাল থেকেই এসিটি চলছিল না। আজ সকালে ছাদে গিয়ে দেখি আউটডোর ইউনিটের বিভিন্ন অংশ কাটা-ছেঁড়া করা এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট নাইটগার্ডদের শোকজ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন