শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবান সীমান্ত থেকে ১ লাখ পিচ ইয়াবা উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৪:২২ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি ২ লাখ টাকার বেশি মূল্যের অর্থাৎ এক লাখেরও বেশি বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী কাজুবাদাম বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪৭/৩-এস এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে কাজুবাদাম বাগান এলাকায় একটি বিশেষ আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় কয়েকজন চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। একপর্যায়ে তারা বহনকৃত ইয়াবার কার্টন ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৭৯২ পিস এবং সবুজ রঙের ৯৯৮ পিস ইয়াবা ছিল। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি (ইঞ্জিনিয়ার্স) বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার ফলেই বড় বড় মাদকের চালান আটক করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তপথে মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকিপূর্ণ করিডোর হিসেবে পরিচিত। সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে একের পর এক মাদকের চালান জব্দ হলেও চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে মাদক প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন