সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে হামের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:১০ পিএম
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
expand
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বান্দরবানের আলীকদম উপজেলায় দিন দিন হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। বিশেষ করে উপজেলার কুরুকপাতা ইউনিয়নে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় পরিবারগুলো। প্রতিদিন নতুন করে ১৫ থেকে ২০ জন শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে জানা যায়, হাসপাতালটি ৩১ শয্যার। তবে এতে শুধু হামের উপসর্গ নিয়েই ভর্তি রয়েছে ৭৩ শিশু। এর বাইরে অন্যান্য রোগীসহ সব মিলিয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় শতাধিক রোগী অর্থাৎ ধারন ক্ষমতার চেয়ে প্রায় তিনগুণ। তাঁদের কেউ মেঝেতে, আবার কেউ বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে।

গতকাল শনিবার বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালে হামসহ বিভিন্ন রোগে ভর্তি ছিলেন ১৩৯ জন। এর মধ্যে ৭৩ জনই হামে আক্রান্ত।এ উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ইউনিয়নে ৪ শিশুর মৃত্যুও হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় মোট শনাক্ত হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে।

স্থানীয়রা জানায়, কুরুকপাতা ইউনিয়নের মূল সমস্যা যাতায়াত। বাড়ি থেকে হাসপাতালে আনতে অন্তত ৪২ কিলোমিটার পাহাড়ি পথ হাঁটতে হয়। তাই সেখান থেকে দুর্গম পথ পাড়ি দিয়ে হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার মতো সামর্থ্য অনেকের নেই। যদিও বা ইতোমধ্যে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল সেখানে অস্থায়ী ক্লিনিক স্থাপন করা হয়। তারপরও হামের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকটের কথা তুলে ধরে মোহাম্মদ হানিফ আরও বলেন, হাসপাতালের ধারণক্ষমতার তিন গুণের বেশি রোগীর জন্য শয্যা, কাপড় ও খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। আপাতত স্থানীয়ভাবে এসব উপকরণ সংগ্রহ করা গেলেও জনবলসংকটে তা সরবরাহ ব্যাহত হচ্ছে। কারণ, স্বাস্থ্য কমপ্লেক্সের জনবলের অর্ধেক আলীকদমের দুর্গম কুরুকপাতার অস্থায়ী ক্লিনিকে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন