সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সুন্দরবনে অভিযান

করিম-শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৫:৩৯ পিএম
করিম-শরীফ বাহিনীর দুই সদস্য আটক
expand
করিম-শরীফ বাহিনীর দুই সদস্য আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু করিম-শরীফ বাহিনীর দুই সদস্যকে আটকের দাবি করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র-গুলি ও জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ (৩০) ও মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)।

কোস্ট গার্ডের বলছে, আটক দুজনই সুন্দরবনের বনদস্যু করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য। এর মধ্যে রাজন শরীফ বাহিনীটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড জাহাজ তৌফিকে’র নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন বলেন, রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় করিম-শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরে রোববার ভোর চারটার দিকে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় সেখানে বিশেষ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের ভাষ্য, অভিযানের সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক ও ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের জিম্মিতে থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জব্দ করা অস্ত্র-গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন