মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ১৫টি দোকান

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
expand
বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি দোকান। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে শীতের কাপড় বিক্রির জন্য মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে অস্থায়ীভাবে ১৫টি দোকান স্থাপন করেছিলেন ব্যবসায়ীরা। রাতের কোনো এক সময় হঠাৎ আগুন লাগে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

দোকানদার মো. মোজাম্মেল হোসেন বলেন, লোন নিয়ে দোকান দিয়েছিলাম। রাত আনুমানিক দুইটার দিকে আগুন লাগে। এসে দেখি সব স্বপ্ন পুড়ে শেষ। শুধু আমি নই, আমার মতো আরও ১৪ জন ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে গেছি।

শীতের মৌসুম শেষে গরমের কাপড় এনেছিলাম। আমার দোকানে প্রায় তিন লাখ টাকার মালামাল ছিল। আগুন লাগার প্রকৃত কারণ জানতে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরেক দোকানদার আহাদ হোসেন লিটু বলেন, সমিতি থেকে লোন নিয়ে দোকান করেছিলাম। এই দোকানের আয় দিয়েই পরিবার ও সন্তানদের লেখাপড়া চলতো।

সবকিছু পুড়ে যাওয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছি। লোন কীভাবে শোধ করবো বুঝতে পারছি না।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি দোকানদারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দ্রুত নতুন করে দোকান নির্মাণের ব্যবস্থা করা হোক।

ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং বাগেরহাট সদর উপজেলার ইউ এন ও মিজ্ মোসা, আতিয়া খাতুন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X