মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বনদস্যু রাঙ্গা বাহিনী প্রধান আটক, অস্ত্র উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান মাসুম মৃধা
expand
বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান মাসুম মৃধা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান মাসুম মৃধাকে (২৩) বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (৭ জানুয়ারি) রাতে খুলনার তেরোখাদা উপজেলার ধানখালী এলাকায় অভিযান চালিয়ে রাঙ্গা বাহিনীর প্রধান মাসুম মৃধাকে আটক করা হয়। মাসুমের স্বীকারোক্তিতে সুন্দরবনের গাজী ফিশারিজ এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় কুড়াল, ১টি দা, ১টি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে জিম্মি পর্যটকদের ৫টি মোবাইল ফোন এবং ১টি হাতঘড়ি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আটক বনদস্যু ও জব্দ অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।

রাঙ্গা বাহিনী প্রধানের আটকের মধ্য দিয়ে এ নিয়ে সুন্দরবনে পর্যটক অপহরণের ঘটনায় ৯ জনকে আটক করল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাকি আটককৃতরা হলেন— বনদস্যু মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), আলম মাতব্বর (৩৮), মো. ইফাজ ফকির (২৫), মোছা মৃধা (৫৫), মো. মহারাজ হাওলাদার (২৫), বনদস্যু মাসুমের মা জয়নবী বিবি (৫৫) এবং বিকাশ এজেন্ট অয়ন কুন্ডু (৩০)। আটক সবার বাড়ি খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান আরও জানান, শুক্রবার বিকেলে সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় নৌকায় ভ্রমণকালে ৫ পর্যটক, ১ মাঝি এবং রিসোর্ট মালিকসহ ৭ জনকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে মাসুম মৃধার নেতৃত্বাধীন বনদস্যু রাঙ্গা বাহিনী।

বনদস্যুরা ৩ জন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও ২ পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে শনিবার ও রবিবার দুই দিনের অভিযানে বনদস্যু ও তাদের সহযোগীদের আটক করে কোস্টগার্ড।

রবিবার রাতে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে ড্রোন সার্ভিল্যান্সের মাধ্যমে জিম্মিকৃত ২ পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Norway VS Senegal
49'
2 - 0
43' Marcus Holmgren Pedersen
48' Erling Haaland
World Cup