শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষি খাত: কৃষি সচিব

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ
expand
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেছেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কৃষিকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। গার্মেন্টস শিল্প প্রায় চার দশক ধরে অর্থনীতিতে অবদান রাখলেও বর্তমানে এ খাত নানা প্রতিকূলতার মুখে পড়েছে। এমতাবস্থায় খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করতে কৃষির কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) আন্তর্জাতিক হলরুমে অনুষ্ঠিত ‘বাংলাদেশের কৃষি রূপান্তর বিষয়ক আঞ্চলিক কর্মশালা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষি সচিব। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সার্বিক সহায়তা প্রদান করে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

ড. এমদাদ উল্লাহ বলেন, প্রতিটি কাজের জন্য সঠিক পরিকল্পনা জরুরি। ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও কর্মজীবন—সব ক্ষেত্রেই পরিকল্পনা দরকার। কৃষি রূপান্তরের ক্ষেত্রেও তা প্রযোজ্য।

তিনি আরও বলেন, আজকের কর্মশালায় ‘আউটলুক ২০৫০’ নামে ২৫ বছরের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষির ক্রিটিক্যাল বিষয়গুলো দ্রুত সমাধানে কাজ চলছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ, এফএওর টেকনিক্যাল অ্যাডভাইজার মার্টিন মাওগুস্টিনি এবং কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মাহমুদুর রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কৃষি উন্নয়নে নানা পরিকল্পনা নিয়েছে। সমন্বিত মহাপরিকল্পনার মাধ্যমে ২০৫০ সালকে সামনে রেখে আমরা কৃষির সঙ্গে প্রাণীসম্পদ ও মৎস্য খাতকে একীভূত করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাব।

কর্মশালায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, কৃষি বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় কৃষক নেতৃবৃন্দ অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন