

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাভারের আশুলিয়ার খাগান এলাকায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সাভারের সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা।
রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় হামলা, ভাঙচুর চালানো হয়। করা হয় অগ্নিসংযোগ।
এতে আহত হয়েছেন দুই ইউনিভার্সিটির অর্ধশতাধিক শিক্ষার্থী। তবে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
সোমবার সকালে সাভারের বিরুলিয়া এলাকায় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশের ফটকেই দেখা যায় আগুনে পোড়া চিহ্ন। বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁচ, কাঠসহ ভাঙা বিভিন্ন জিনিসপত্র।
ভেঙে দেওয়া হয়েছে একটি প্রাইভেটকার, দুইটি মাইক্রোবাস, দুইটি মোটরসাইকেল। অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত তিনটি বাস, পাঁচটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে। এরমধ্যে কোনোটিতে সকালেও ধোঁয়া উড়তে দেখা যায়।
একাডেমিক ভবনেও চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। পুরো ভবনের জানালার থাই গ্লাস ভাঙা দেখা যায়, কোনোটি সম্পূর্ণ ভাঙা হয়েছে, কোনোটি আংশিক ভাঙা। ভেতরে ঢুকে প্রায় প্রতিটি ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় ফাইলের কাগজপত্র, ভাঙা কাঁচ ও আসবাবপত্র।
সেখানে প্রায় প্রতিটি কক্ষের চেয়ার, টেবিল, কম্পিউটার, বাথরুমের কমোড, বেসিন, দরজা, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার, অফিসকক্ষ, অভ্যর্থনা কক্ষ ও কর্মকর্তাদের ডেস্কগুলো ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া চালানো হয়েছে ব্যাপক লুটপাট। ল্যাপটপ, টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, রোববার সন্ধ্যার পর ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা ‘ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের’ পাশে বসে ছিলেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
এদের মধ্যে এক শিক্ষার্থী থুথু ফেললে অসর্তকতাবশত সেখান দিয়ে মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর শরীরে লাগে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ভাড়া করা ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হন।
এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্যরা সেখানে উপস্থিত হন। তারা সিটি ইউনিভার্সিটির প্রশাসনকে বিষয়টি জানিয়ে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এরই মধ্যে সিটি ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় পৃথক একটি স্থানে সেখানকার শিক্ষার্থীরা ড্যাফোডিলের এক শিক্ষার্থীকে মারধর করেন। পরে ড্যফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢোকেন।
এসময় ক্যাম্পাসে পার্ক করা বিশ্ববিদ্যালয়ের ৩টি বাস, দুইটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একটি বাস, দুইটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, প্রশাসনিক ভবন ভাঙচুর করা হয়।
পরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটি এলাকা ত্যাগ করে। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ওই এলাকায় ছিলেন।
মন্তব্য করুন