শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয় অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:১১ পিএম
expand
বরিশাল বিশ্ববিদ্যালয় অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি

চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতিতে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় মানববন্ধন করে আন্দোলনের সূচনা করেন তারা।

অস্থায়ী কর্মচারীরা জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৫৮ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী দায়িত্ব পালন করছেন। চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাগাতার কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেন তারা।

শের-ই-বাংলা হলের নিরাপত্তা প্রহরী মিজানুর রহমান বলেন, ‘চাকরি স্থায়ী করার দাবিতে আমরা বহুবার আন্দোলন করেছি। কারও চাকরির বয়স ১০ থেকে ১৫ বছর হয়ে গেছে, তবুও স্থায়ী করা হয়নি। দুই-একবার আশ্বাস দেওয়া হলেও পরে সব কিছু থেমে গেছে।’ তিনি অভিযোগ করেন, ‘আমাদের বেতনেও বৈষম্য করা হয়। ৩০ দিনের পরিবর্তে ৯ থেকে সর্বোচ্চ ২৪ দিনের বেতন দেওয়া হয়। আমরা অতিরিক্ত কিছু চাই না—শুধু স্থায়ী চাকরি চাই।’

অস্থায়ী কর্মচারী আসিফুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিয়ে যেন আর ছেলেখেলা না করে—এই আহ্বান জানাচ্ছি।’

আন্দোলনকারীরা জানান, যে সামান্য বেতনে তারা কাজ করেন, তাতে পরিবার নিয়ে টিকে থাকা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। ইতিহাস বিভাগের কম্পিউটার অপারেটর ইজাজ মাহামুদ বলেন, ‘৮ থেকে ১০ বছর ধরে আমরা অবমূল্যায়নের শিকার। দেশ স্বাধীনতার নতুন বার্তা দিচ্ছে, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসেনি।’

অর্থনীতি বিভাগের কম্পিউটার অপারেটর জাহিদ হাসান বলেন, ‘আমাদের একটাই দাবি—চাকরি স্থায়ী করতে হবে। এর আগে আমরা মানববন্ধন, অনশন, স্মারকলিপি—সবই দিয়েছি। এবারও যদি দাবি না মানা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি চলবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

অস্থায়ী কর্মচারীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হচ্ছে বলে সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন