শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আ‘লীগ নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
মঈন খান
expand
মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আজ নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে।” তিনি অভিযোগ করে বলেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখেরও বেশি মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন কোনো এলাকা নেই যেখানে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ মিথ্যা মামলা, জুলুম ও নির্যাতন চালায়নি।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, আওয়ামী লীগ ভেবেছিল জেল-জুলুম ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি, বরং এখন আওয়ামী লীগই নিশ্চিহ্ন হওয়ার পথে। বিশ্বের ইতিহাসে যারা স্বৈরাচারী শাসন কায়েম করে নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে—তারা কেউ টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও টিকতে পারবে না।

অন্তবর্তী সরকারের উদ্যোগে ঘোষিত সংস্কার প্রসঙ্গ তুলে মঈন খান বলেন, আজকে অন্তবর্তী সরকার যে সংস্কারের কথা বলছে, বিএনপি তিন বছর আগেই সেই সংস্কারের উদ্যোগ নিয়েছে। গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে বিএনপি। বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না।

তিনি আরও বলেন, এক-এগারোর মতো অধ্যায় বাংলাদেশে আর আসবে না। যদি কেউ মনে করে আবার এক-এগারো আসবে—তাহলে সে বোকার স্বর্গে বাস করছে।

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহসভাপতি আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খাঁন, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব শাহীন বিন ইউসুফ, যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদ পিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমীন ভুঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূঁইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন