

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় সর্বস্তরের জনতা। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভৈরব রেল স্টেশনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন, যা চলে প্রায় দুই ঘণ্টা।
অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেনসহ চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন স্টেশনে আটকে পড়ে। এতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
বিক্ষোভে ভৈরব-কুলিয়ারচরসহ আশপাশের এলাকা থেকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সাড়ে ১১টার দিকে উপকূল এক্সপ্রেস ছেড়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি আহত হন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, কর্মসূচি চলাকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা তৃতীয় পক্ষের প্ররোচনায় হয়েছে। তারা জানান, ভৈরবকে জেলা ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলন সমন্বয়কারী মো. সাইফুর রহমান শাহরিয়ার বলেন, ভৈরবকে জেলা করা এটি আমাদের দাবি নয়, অধিকার। দীর্ঘদিন ধরে চলছে আমাদের এই আন্দোলন। আমরা গতকাল সড়কপথ ব্লকেড কর্মসূচি পালন করেছি, আজকে আমরা রেলপথ অবরোধ করেছি এবং আগামীকাল আমরা নৌপথ ব্লকেড করবো। যদি সরকার আমাদের দাবি পূরণ না করে তাহলে আমরা এই তিনটি পথ একসাথে অনির্দিষ্ট কালের জন্য ব্লকেড করে দিবো।
শেষ পর্যন্ত দুপুর পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন