শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন
expand
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে সার্বিক পদক্ষেপ নেয়া হয়েছে। খুব শিগগিরই নগরীর ৪০টি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন প্রকল্পের টেন্ডার আহ্বান করা হবে। পাশাপাশি মনোরেল প্রকল্প ও আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগও নেয়া হয়েছে।

তিনি রোববার (২৬ অক্টোবর) দুপুরে ৮নং শুলকবহর ওয়ার্ডের মীর্জাপুল সংলগ্ন আবদুল হামিদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।

মেয়র জানান, ৮নং শুলকবহর ওয়ার্ডে ১৫টি উপ-প্রকল্পের আওতায় মোট ৭৮ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে ৩৫ কোটি টাকার কাজ সম্পন্ন, ২৭ কোটি টাকার কাজ চলমান, এবং বাকি ১৬ কোটি টাকার তিনটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।

আজ উদ্বোধনকৃত আবদুল হামিদ সড়ক, শহীদ জানে আলম রোড, তফাজ্জল চৌধুরী বাড়ি রোড ও শান্তিধারা আবাসিক এলাকার সড়কসহ একাধিক প্রকল্পে ৪ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

মেয়র শাহাদাত বলেন,চট্টগ্রাম শহরের প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়ায় আছে বা চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগর চিত্রে আমূল পরিবর্তন আসবে। মানসম্মত ও টেকসই রাস্তা নির্মাণে কোনো প্রকার কারচুপি সহ্য করা হবে না।

তিনি ঠিকাদার, প্রকৌশলী ও জনপ্রতিনিধিদের প্রতি কাজের মান রক্ষা ও তদারকির দায়িত্ব পালনের আহ্বান জানান।

চসিক মেয়র আরও বলেন, আমরা পাহাড় কাটবো না, যেখানে-সেখানে ময়লা ফেলবো না, খাল ও নালা পরিষ্কার রাখবো। পরিচ্ছন্ন নগরই জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ রোধের মূল শর্ত।

তিনি জানান, চট্টগ্রামকে একটি পরিকল্পিত, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করাই সিটি কর্পোরেশনের লক্ষ্য, যা নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আশরাফ চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, সদস্য মো. কামরুল ইসলাম, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, মহানগর বিএনপির সাবেক সদস্য জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির আহবায়ক কাজী শামসুল ইসলাম, সদস্য সচিব হাসান উসমান চৌধুরী প্রমূখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন