শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাইফয়েড টিকাদানে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য: ড. আলতাফ–উল–আলম

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৩:১৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

“গণমাধ্যম জনস্বাস্থ্য রক্ষায় মুখ্য ভূমিকা রাখে। টিসিভি টিকাদান কর্মসূচি শুধু একটি স্বাস্থ্য উদ্যোগ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত করার জাতীয় প্রয়াস। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া এই বার্তা সর্বত্র পৌঁছানো সম্ভব নয়।”

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে জেলা পরিষদের জয়নুল আবেদিন মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় “Divisional Level Consultation Workshop on TCV Vaccination Campaign 2025 with Media People” শীর্ষক কর্মশালায় আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ–উল–আলম এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, “গণমাধ্যম মানুষকে সচেতন করতে পারে, আস্থা তৈরি করতে পারে। আপনারা খবরের মাধ্যমে জানালে সাধারণ মানুষ আরও আগ্রহী হবে টিকা নিতে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। তিনি বলেন, “গণমাধ্যমের ইতিবাচক প্রচারণায়ই অতীতে পোলিও, কলেরা প্রতিরোধ সম্ভব হয়েছিল। এবারও সেই সহযোগিতা দরকার।”

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, ইউনিসেফের প্রতিনিধিসহ ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৮০ জন সাংবাদিক অংশ নেন।

ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ জানান, বর্তমানে বিভাগে টিকা গ্রহণের হার ৯৫ শতাংশের বেশি, যা দেশের মধ্যে অন্যতম সর্বোচ্চ।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত যুগ্মসচিব মো. আলতাফ হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) ড. মো. মারুফ নাওয়াজ, স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম, ইউনিসেফের চিফ ফিল্ড অফিসার মো. ওমর ফারুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়ক ডা. নুসরাত আজরিন মহসিন।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক ও কর্মশালার পরিচালক সুমনা পারভীন। তাঁকে সহায়তা করেন উপপরিচালক আইরিন সুলতানা, সহকারী পরিচালক নাফিস আহমেদ ও তানজিম তামান্না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন