শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ, আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:৪১ পিএম
মুন্সীগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ, আসামি গ্রেফতার
expand
মুন্সীগঞ্জে বাকপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ, আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ২২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আশিকুর রহমান জীবন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জীবন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মো. বাবুল এর ছেলে।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আসামি আশিকুর রহমান জীবনকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী তার পরিবারসহ টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মো. লোকমান হালদারের ছেলে সুমন হালদারের ভাড়া বাসায় দেড় বছর ধরে বসবাস করে আসছিলেন।

কিছুদিন আগে মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চান। এ সময় বাকপ্রতিবন্ধী মেয়েটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ঘটনাটি মাকে বোঝায়। পরে বিষয়টি প্রকাশ পেলে ভুক্তভোগীর মা আত্মীয় আশিকুর রহমান জীবনের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরীক্ষায় তরুণীটি ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে।

টঙ্গিবাড়ী থানার এসআই মো. শাহ আলী বলেন, “মামলার এজাহারে আসামির সঠিক ঠিকানা না থাকলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন