শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-২ আসনে পরিবর্তনের বার্তা নিয়ে আসছেন ডা. আব্দুস সালাম

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ আসনে (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈলের আংশিক এলাকা) আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ও বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুস সালাম। বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, তিনি ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে নির্বাচনী ফাইনাল সবুজ সংকেত পেয়েছেন।

রাজনীতির মাঠে একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত ডা. সালাম রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি ড্যাবের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং চিকিৎসক সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেন।

রাজনীতির পাশাপাশি মানবসেবায়ও নিবেদিত প্রাণ এই চিকিৎসক ঠাকুরগাঁও জেলার অসংখ্য দরিদ্র মানুষকে দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসচ্ছল পরিবারকে সহায়তা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানে অনুদানসহ নানা সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। স্থানীয়রা তাকে ভালোবেসে ডাকেন—"আশার প্রদীপ" নামে।

ডা. আব্দুস সালাম বলেন, “দুর্গাপূজার সময় আমি আমার নির্বাচনী এলাকায় থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি ও অনুদান দিয়েছি। ঢাকায় ফেরার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এলাকায় ফিরে তৃণমূলে কাজ শুরু করতে নির্দেশ দেন। তিনি আমাকে জানিয়েছেন, আমি ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। এখন আমি মানুষের পাশে থেকে তাদের সেবা ও ভালোবাসা অর্জনের চেষ্টা করছি।”

তারেক রহমানের নির্দেশনার পর থেকেই ডা. সালাম নির্বাচনী মাঠে আরও সক্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি দুইদিনব্যাপী বিশাল মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন। তিনি বালিয়াডাঙ্গী, লাহিড়ি, পাড়িয়া, স্কুলহাট, মোড়লহাট, বাদামবাড়ি হাট, চেকপোস্ট, ধর্মগড়, কাশিপুর, পুলের হাট, কালমেঘ, মিলটেক, হলদিবাড়ি, কাঠালডাঙ্গী বাজার, হরিপুর, যাদুরানী বাজার ও বনগাঁওসহ একাধিক হাট-বাজারে জনসংযোগ করেছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, ডা. সালাম একজন সৎ, শিক্ষিত ও সমাজসেবায় নিবেদিত মানুষ। তাকে প্রার্থী করলে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির জয় সুনিশ্চিত।

জনগণের আস্থা, মানবসেবা ও রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ে জনপ্রিয়তা অর্জনকারী এই চিকিৎসক এখন নির্বাচনী এলাকায় আশার নতুন প্রতীক হয়ে উঠেছেন। অনেকেই বলছেন, ডা. আব্দুস সালামের নেতৃত্বে ঠাকুরগাঁও-২ আসনে রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা ঘটতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন