শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত তাফসির মাহফিলকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছে: হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ এএম আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:২১ এএম
expand
জামায়াত তাফসির মাহফিলকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছে: হারুনুর রশীদ

জামায়াতে ইসলামী তাফসির মাহফিলকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

তিনি বলেন, “এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ বেদাতি কাজ। ধর্মীয় আঙ্গিকে রাজনৈতিক প্রচারণা চালানো ইসলামসম্মত নয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্টেরহাট এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, “জামায়াতে ইসলামী প্রতিনিয়ত বলে বেড়ায় বিএনপি চাঁদাবাজির দল। কিন্তু নবাবগঞ্জে বিএনপির কোনো নেতা চাঁদাবাজি করেছে— এমন প্রমাণ কেউ দিতে পারবে না। আমি নিজেও এবং আমার নেতাকর্মীরাও কখনো চাঁদাবাজির সঙ্গে যুক্ত নই।

তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করে, তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। যারা মিথ্যা প্রচারণা চালায়, তারা মুনাফেক। জামায়াতের কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মেম্বার। এসময় আরও উপস্থিত ছিলেন, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ রহমত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তোসী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেসবাউল ইসলাম এবং মহারাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলিমসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন