

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর জেলার কোনাবাড়ী আমবাগ পশ্চিম পাড়ায় শফিকুল ইসলাম শফির বাড়ীর ভাড়াটিয়া আলতাব হোসেনের ঘরে দিন-দুপুরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে নগদ ৭ লক্ষ টাকা ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (২৪শে সেপ্টেম্বর) চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।
আলতাব হোসেনের স্ত্রী আয়েশা বেগম জানান,জুম্মার নামাজ আদায় করতে যান আমার স্বামী এবং ছেলে।এই সুযোগে একদল সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতেরা ঘরে ঢুকেই পিস্তল ও ধারালো চাকু ধরে আমাকে এবং আমার মেয়েকে ভয় দেখিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এরপর ডাকাতেরা নির্বিঘ্নে আলমারি ভেঙে ঘরে থাকা নগদ ৭ লক্ষ টাকা এবং আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতি শেষে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত জুট ব্যবসায়ী আলতাব হোসেন জানান, আমি সম্প্রতি ব্যবসার জন্য ব্যাংক থেকে ৭ লক্ষ টাকা তুলে এনেছিলাম। সেই টাকা এবং আমার স্ত্রী ও মেয়ের জন্য রাখা গহনা ডাকাত দল আলমারি ভেঙ্গে নিয়ে গেছে। আমি এবং আমার ছেলে তখন জুম্মার নামাজ আদায় করতে মসজিদে ছিলাম। ফিরে এসে দেখি আমার স্ত্রী এবং মেয়ে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ঘটনাটি জানার সাথে সাথেই আমি ফোন করে প্রশাসনকে জানাই।
ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশের পাশাপাশি সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) এবং পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর একাধিক দলও ঘটনাস্থল পরিদর্শন করে। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্ত শুরু করেছেন।
যদিও পুলিশ, সিআইডি এবং পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে, তবে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা এবং এর তদন্তের অগ্রগতি নিয়ে গণমাধ্যমের সামনে প্রশাসনের কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত মুখ খোলেননি। এই ঘটনার পিছনে কোনো বড় চক্রের হাত রয়েছে কিনা, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।
দিন-দুপুরে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং লুট হয়ে যাওয়া বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আরজি জানিয়েছে।
মন্তব্য করুন