

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ময়েজউদ্দিন সেতুর টোল প্লাজায় দীর্ঘদিন ধরে টোল আদায়ে অনিয়ম ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অবশেষে কঠোর ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্নীতির প্রমাণ পাওয়ায় ২১ অক্টোবর টোল প্লাজার পাঁচ কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন—সাব্বির, মোঃ ইমন হোসেন, নাসিম শেখ, মায়মুন হোসেন ও সাব্বির মোল্লা। টোল আদায়ে শৃঙ্খলা ফেরাতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ ঘটনায় আরও কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নরসিংদী সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, “ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
যশোর থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে ঘোড়াশালে আসা ড্রাইভার আজগর আলী ও কবির হোসেন অভিযোগ করেন, টোল প্লাজার কর্মচারীরা নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করতেন। তারা বলেন, “রিসিট চাইলে বলে ভাংতি নাই, রিসিট লাগবে না, চলে যান—এভাবে আমাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে।”
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সিস্টেম ইঞ্জিনিয়ার (মনিটরিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ) মোহাম্মদ ইয়াসিন বলেন, “প্রাতিষ্ঠানিক নীতিমালার কারণে অনুমতি ছাড়া মন্তব্য করা সম্ভব নয়।”
তবে আরএইচডি (সড়ক ও জনপদ বিভাগ)-এর সিস্টেম ইঞ্জিনিয়ার মোঃ তানভীর ইসলাম জানান, “দুর্নীতির প্রমাণ পাওয়ায় ২১ অক্টোবর দায়ী পাঁচ কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনৈতিক কার্যকলাপ আর না ঘটে, সে বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি।”
ঘোড়াশাল টোল প্লাজায় চলমান দুর্নীতির বিরুদ্ধে গৃহীত এ ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে সন্তোষের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলেন, সরকারের দুর্নীতিবিরোধী শূন্য সহনশীল নীতির একটি ইতিবাচক উদাহরণ এটি। একই সঙ্গে তারা সারাদেশের টোলপ্লাজা ও সরকারি সেবাখাতে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান।
মন্তব্য করুন