শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক পণ পানের দাম ৩ টাকা, বিপাকে চাষিরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫০ পিএম
চাঁপাইনবাবগঞ্জের পান চাষিরা
expand
চাঁপাইনবাবগঞ্জের পান চাষিরা

বাজারে দাম পড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের পান চাষিরা মারাত্মক বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, এক পণ পান এখন ৩ থেকে ৫ টাকায় বিক্রি করতে হচ্ছে, যা খুচরা বাজারের একটি পানের সমান দাম। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। অনেকে আবার দাম না পেয়ে ক্ষোভে বাজারে ফেলে দিচ্ছেন পান। এ পরিস্থিতি সামাল দিতে কৃষি বিভাগ চাষিদের বিকল্প ও লাভজনক ফসল চাষের পরামর্শ দিচ্ছে।

গত কয়েক মাসের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পানের বাম্পার ফলন হয়েছে। এখনো বরজে পানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। পাশাপাশি পরিপক্ব পান বাজারজাত করা হচ্ছে। তবে এত ফলন হয়েও দাম না থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। কৃষক ও ব্যবসায়ীরা জানান, গত বছর প্রতি পণ বড় পান বিক্রি হয়েছে ২০০ টাকায়, মাঝারি ১৬০ টাকায় এবং ছোট পান ২৫ থেকে ৩০ টাকায়। কিন্তু চলতি বছর একই বড় পান বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, মাঝারি ৩০ থেকে ৪০ টাকায় এবং ছোট পান মাত্র ৩ থেকে ৫ টাকায়। পানচাষিরা বলছেন, আগের তুলনায় এখন দাম অনেক কমে গেছে। বাজারে পান বিক্রি হচ্ছে না, চাহিদাও নেই। ফলে সকালে বরজ থেকে পান ভেঙে হাটে নিলেও ঠিকমতো বিক্রি করা যায় না, অনেকেই দাম না পেয়ে ক্ষোভে ফেলে দিচ্ছেন। দামের এই ধসের কারণে উৎপাদন খরচও উঠছে না। বরং যা খরচ হয়েছে তার অর্ধেকও ফেরত আসছে না। কৃষক নেতারা বলছেন, পানের বাজার টিকিয়ে রাখতে রফতানি বাড়াতে হবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকের মতে, রফতানি কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন চাষিরা। এ ক্ষেত্রে কৃষি বিভাগ ও কৃষি বিপণনের মধ্যে সমন্বয় জরুরি। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, ক্ষতির মুখ থেকে কৃষকদের রক্ষা করতে বিকল্প ও লাভজনক ফসলের দিকে নজর দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, লাভজনক ফসলগুলো আবাদের বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। যাতে তারা বেশি লাভবান হতে পারেন এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ এগিয়ে নিতে পারেন। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ১৫ হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে। যা গত বছরের তুলনায় ৫ হেক্টর কম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন